উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রফতানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় জুতা রফতানি বেড়েছে ৯.৩৭ শতাংশ। গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে রফতানি আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রফতানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.২৯ শতাংশ বেশি। অন্যদিকে চামড়াবিহীন জুতা রফতানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরে এ আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এই খাতে ৯.৪৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রফতানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের মানদণ্ড পূরণে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সাথে প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে এবং চলতি অর্থবছরে মেক্সিকোতে জুতা রফতানি শুরু হয়েছে। ইতিমধ্যে ফাইভ-আর ফুটওয়্যার মেক্সিকোর বাজারে জুতা রফতানি শুরু করেছে। এছাড়া চামড়াবিহীন জুতা রফতানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। বর্তমান কারখানায় প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে এবং ক্রয়াদেশ বাড়ায় অতিরিক্ত দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।