উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
পরবর্তী ধাপগুলোর বিষয়ে নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান আবুল ফজল। তিনি বলেন, নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে তিন দিনব্যাপী এই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো দাবি এখনো আসেনি বলে জানান তিনি।
কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যা নিয়েও আলোচনা হয়। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়ারে সমস্যা হচ্ছে বলে জানান এই কমিশনার। তবে এই কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া সভায় জানানো হয়, এখন থেকে কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলোর ব্যবস্থাপনা নিয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।