উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই শুনানি কার্যক্রম শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।
এদিকে, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া আসামিদের সর্বোচ্চ সাজা হাইকোর্টেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের বাসিন্দা মূল আসামি সোহেল রানা শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার দুই দিন পর, গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সাথে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী, নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।