উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মাদক প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদক নির্মূলের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া মাদক চোরাচালান রোধে বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বিত নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। সেই সঙ্গে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে কার্যকর অভিযান পরিচালনার বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।