উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক নিলামে তোলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। 'অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর বিপরীতে এই বন্ড ইস্যু করা হচ্ছে।
নিলামের প্রসপেক্টাস অনুযায়ী, বিনিয়োগকারীরা এই সুকুকে বিনিয়োগের বিপরীতে ১৮২ দিনে ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া বাবদ পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ মুনাফার হারে এই অর্থ এককালীন পরিশোধ করা হবে এবং বন্ডটির মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জুন।
বাংলাদেশ ব্যাংকে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া করপোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও বিভিন্ন ফান্ড ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিড দাখিল করতে পারবে। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনিয়োগকারীরা অনলাইনে বিড দাখিল করতে পারবেন। ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে এই সুকুক কেনা যাবে এবং নিলামে সফল বিনিয়োগকারীদের বরাদ্দের তথ্য একই দিন বিকেল ৩টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।