উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন উত্থাপনের সময় সরকারি দলের বেশ কয়েকজন সদস্যের টিপ্পনী ও হইচই করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জামায়াতের অপর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিষয়টিকে বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল বলে অভিহিত করেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এ বিষয়ে রুলিং দাবি করে শাহজাহান চৌধুরী বলেন, সংসদ সদস্যের কথা বলার সময় এমন আচরণ কাম্য নয়। জবাবে স্পিকার সংসদ সদস্যদের সংসদের মর্যাদা বজায় রেখে আচারণ করার আহ্বান জানান এবং আপত্তিকর মন্তব্য এক্সপাঞ্জ করার আশ্বাস দেন।
স্পিকার বলেন, বর্তমান সংসদটি যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত এবং এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসেছে। আগের ১৫ বছরের অন্ধকার সময় পেরিয়ে আসা এই সংসদের ওপর জনগণের অনেক আশা-ভরসা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, সাধারণ মানুষ এখন সংসদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাই সদস্যদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি।