উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময় ভঙ্গুর অর্থনীতি ও ঋণের ভারী বোঝা ছিল বড় চ্যালেঞ্জ। ২০২২ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল।
তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানো ও বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বন্ধ করেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নিয়মিত প্রতিবেদন প্রকাশ ও জেপি মরগান সূচকে বাংলাদেশের বন্ড অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা মোকাবিলায় রাজস্ব আহরণ বৃদ্ধি ও কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর জোর দিচ্ছে সরকার।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে সহজ শর্তের ঋণ গ্রহণ এবং কেবল প্রবৃদ্ধিসহায়ক প্রকল্পে অর্থায়নের নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।