উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খাগড়াছড়ির পানছড়ি বিদ্যুৎ অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাসিক প্রকৌশলী যত্ম মানিক চাকমা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মিটার বাণিজ্য, সরকারি সম্পদ আত্মসাৎ এবং অবৈধ সংযোগের নামে গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
তাইন্দং বাজারের বাসিন্দা জয়নাল আবদীন আবুর কাছ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকের দাবি, জরিমানার এই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে শরিফ নামে এক মিটার পাঠকের মাধ্যমে নেওয়া হয়েছে, যার কোনো রসিদ তাকে দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে আবাসিক প্রকৌশলী যত্ম মানিক চাকমা ২০ হাজার টাকা জরিমানার কথা স্বীকার করলেও কোনো সরকারি রসিদ দেখাতে পারেননি। সংযোগ বিচ্ছিন্ন ও পুনরায় সংযোগ প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়ম না মেনে ব্যক্তিগত সিদ্ধান্তে কাজ করার বিষয়টি এখন বড় প্রশ্নের জন্ম দিয়েছে।
সরকারি রাজস্ব আদায়ের নামে এভাবে অর্থ লেনদেন এবং অনিয়মের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।