উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। রায়ে তাকে যাবজ্জীবনের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকায় অভিযান চালিয়ে ফারুকের স্কুল ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এরপর এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত ফারুককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ে তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে এবং জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে।