উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন অগ্নিকাণ্ডে মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তার বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা এবং তাদের মূল বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।
ফায়ার সার্ভিস জানায়, তারা ভোর ৪টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাত্র ১৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বনানী থানা পুলিশ জানিয়েছে, এই আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। তা তদন্ত করে দেখা হচ্ছে।