উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার জন্য তাঁর যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাঁকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে রিজভী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
রিজভী আরও বলেন, গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও নেতা-কর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছেন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।
জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।