উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ছয়টি স্থানে শুক্রবার ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসব মিছিল থেকে ১৭ জনসহ মোট ১৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, মিরপুর, শনির আখড়া ও ডেমরার বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়। অভিযানে মিরপুর মডেল থানায় ৮ জন, দারুসসালামে ২ জন, যাত্রাবাড়ীতে ৩ জন, ডেমরায় ৩ জন ও তুরাগ থানায় ১ জনকে আটক করা হয়েছে। এ সময় কিছু ককটেলও জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় যুবলীগ কর্মী মো. হৃদয় আহমেদকে কুর্মিটোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুর্মিটোলা এলাকায় মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের অভিযোগ রয়েছে।
এছাড়া কল্যাণপুর এলাকায় ককটেল ফাটিয়ে পালানোর সময় জাহাঙ্গীর নামে একজনকে জনতা ও ট্রাফিক পুলিশের সহায়তায় আটক করা হয়েছে। আটককৃত ১৮ জনকে শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।