উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। গতকাল বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষ ওএমএস কর্মসূচির চাল বিক্রির শুরুর তারিখ ১৩ নভেম্বর উল্লেখ করা হয়েছিল এবং আজ শুক্রবার নির্ধারিত তারিখেই কর্মসূচিটি শুরু হয়েছে।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে।
এছাড়াও ধামরাইয়ে দু’টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। প্রতি শুক্রবার দুই দফায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে যার প্রথম দফা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফা দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।
খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করছে এবং প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন এ উদ্যোগ পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।