উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আজ শনিবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেবেন। এই আয়োজনকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা ও অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্মারকগ্রন্থে প্রকাশের জন্য খালেদা জিয়ার জীবন, নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম এবং নারীশিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে লেখা আহ্বান করা হয়েছে। প্রতিটি লেখা এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ তাঁর বহুমাত্রিক মূল্যায়ন তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।