উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় যানজট নিরসনকে কেন্দ্র করে এক সিএনজি চালক আহত হওয়ার ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন মৌবন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে যানজট নিরসনে কাজ করছিলেন। এ সময় কামরুল হাসান (২৫) নামে এক চালক তাঁর খালি সিএনজিটি প্রধান সড়কে এনে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের দাবি অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় কামরুল অসংলগ্ন আচরণ করেন এবং থানায় নেওয়ার সময় সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটি টমটমের পাশে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন চালক সড়ক অবরোধের চেষ্টা করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার এবং ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএসহ স্থানীয় শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি মোহাম্মদ আবু তাহের জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে এবং এ ঘটনা নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের চেষ্টা চলছে।