উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতা ইকবাল হোসেন মনিকে মিথ্যা ও গায়েবি মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটাতে হয়। সম্প্রতি একটি মামলায় তাকে জড়িয়ে আদালতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত কয়েকদিন আগে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এএসআই জামাল স্বাক্ষরিত একটি আইনি নোটিশ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যেখানে ২০২৭ সালের ২৮ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। ইকবাল হোসেন মনি জানান, যে ঘটনার সাক্ষী বা আসামি হিসেবে তাকে জড়ানো হয়েছে সে বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ এবং ১৩ বছরের মধ্যে কখনো তার বাড়িতে কোনো নোটিশ পাঠানো হয়নি। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সেখানে ২ নম্বর সাক্ষী হিসেবে তার নাম থাকলেও রহস্যজনকভাবে ১ নম্বর কোনো সাক্ষীর অস্তিত্ব নেই।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিজয়নগর উপজেলা প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ইকবাল হোসেন মনির মতো ত্যাগী নেতার অবদান রয়েছে। করোনাকালীন দুর্যোগ কিংবা মানুষের বিপদে যিনি সবসময় পাশে থেকেছেন, তাকে এভাবে ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিচারিক প্রক্রিয়ায় এ ধরনের হয়রানিমূলক নাম অন্তর্ভুক্ত করার ঘটনা আইনের অপব্যবহার ছাড়া কিছু নয়।
ইকবাল হোসেন মনি এই গভীর ষড়যন্ত্র ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন মহলের প্রতি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সেইসঙ্গে সকল মিথ্যা মামলা ও হয়রানির জাল ছিন্ন করে এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন বিজয়নগর উপজেলার তৃণমূলের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা।