উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ ঘোষণা দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকবে, ততক্ষণ বর্তমান ব্যবস্থার কোনো পরিবর্তন আনা হবে না। সভায় বিটিএমএ প্রতিনিধিরা স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার ওপর জোর দেন।
এছাড়া সভায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি চালুর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। সরকার জানিয়েছে, অন্যান্য প্রস্তাবগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।