উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুলশান সেন্ট্রাল পার্কে বাস্কেটবল কমপ্লেক্সে গত শনিবার পর্দা নামল ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর। গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অনুষ্ঠানে মন্ত্রী জাকারিয়া তাহের আধুনিক ক্রীড়া অবকাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এবং ক্রীড়ার মান উন্নয়নে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠের বিকল্প নেই। পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নতুন প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রমের প্রশংসা করেন।
৯ দিনব্যাপী এই আয়োজনে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ ১৩টি ইভেন্টে অংশ নেন। আটটি গোল্ড, চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জ জিতে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব।
সমাপনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল মেহেদী হাসানসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সবশেষে পার্পল হেজ ও শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই স্পোর্টসফেস্টের সমাপ্তি ঘটে।