উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় পাঠ্যবই মুদ্রণ, ওষুধ ক্রয় এবং অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পরামর্শক সেবা বাবদ ৩৬১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে, যেখানে ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।
মাদারীপুর জেলায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য ৩২৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার দায়িত্ব পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। এছাড়া ২০২৬ শিক্ষাবর্ষের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অতিরিক্ত তিন কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২টি পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ব্যয় বৃদ্ধি করে ২১০ কোটি ৭৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে এক কোটি ৯৩ লাখ ৭৫ হাজার বার জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৫ লাখ টাকা। পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ওষুধ সরবরাহের কাজ পেয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ১০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে কম্বল কেনার বিষয়টিও সভায় অনুমোদিত হয়েছে।
সড়ক ও অবকাঠামো উন্নয়নে চট্টগ্রাম ও কক্সবাজারের সংযোগ সড়ক এবং কর্ণফুলী টানেল সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণসহ একাধিক প্রকল্পের সংশোধনী আনা হয়েছে। রাঙামাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভবন নির্মাণের জন্য ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা এবং চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রস্তাবও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।