উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ও বৃহস্পতিবার উত্তরা, লালবাগ ও সবুজবাগসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শিবলু, ইয়ামিন আহমেদ অনিল, মারসাদ আক্তার, সঞ্জয় দত্ত, মো. আবদুর রাজ্জাক এবং মাসুদুর রহমান শিপন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, লালবাগ এলাকা থেকে ইয়ামিন আহমেদ ও মো. শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শিবলুর বিরুদ্ধে ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত এবং যুবলীগ নেতা মো. আবদুর রাজ্জাককেও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তারকে। একই সময়ে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকেও গ্রেপ্তার করে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।