উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়েছিল।
প্রকল্পটির জন্য ১৫ বছর মেয়াদে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। এছাড়া ২০ বছর মেয়াদে এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এই স্থাপনা চালু হলে এলএনজি আমদানি এবং তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম আরও সহজতর হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভাসমান ইউনিটের সুবিধা কাজে লাগানো সম্ভব হবে।