উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চোখের চিকিৎসা করাতে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় শফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, চোখের সমস্যার চিকিৎসা নিতে গ্রামের পাঁচজনসহ ঢাকায় এসেছিলেন শফিকুল। আজমপুরে গাড়ি থেকে নামার পর রাস্তা পার হতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিষয়টি উত্তরখান থানাকে অবহিত করা হয়েছে। ঝিনাইদহ সদর এলাকার বাসিন্দা শফিকুল পরিবারে স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।