উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান জানান, বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় আপাতত কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা ও কর্মসংস্থান সুরক্ষায় এই আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন বিটিএমএ-এর প্রতিনিধিরা।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালু এবং রফতানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিচারাধীন বিষয়টি ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো সার্বিক পর্যালোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।