উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সময় কোনো দলের নাম উল্লেখ না করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়ার কথা বলেন। এর প্রেক্ষিতে শফিকুর রহমান স্পষ্ট করেন যে, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই।
শফিকুর রহমান বলেন, ইঙ্গিতপূর্ণভাবে তাঁদের জড়িয়ে কথা বলায় তিনি প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে বসাই স্বাভাবিক, কিন্তু গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না। বরং যারা এই অভিযোগ করছেন, তাদেরই বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার নথিপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।
মাদক কারবারে সরকারি দলের লোকজনের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, বেড়াই যদি ধান খায় তবে ধান রক্ষা করবে কে। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে সরকারি দলের লোকজনের হামলার শিকার হয়েছে পুলিশ। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিলে জনগণ পাশে থাকবে। তিনি প্রত্যাশা করেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসুক। এছাড়া বাংলাদেশ কোনো দেশের অধীনতা স্বীকার করবে না এবং নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেন তিনি।