উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীরা দৌলতপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলেন। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতেই উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফুটপাতের অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পুরো অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার পাশাপাশি সড়ক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।