উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০1 পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। আজ বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতা-কর্মীকে এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৪ জন, ফরিদগঞ্জ থানা ৫ জন, মতলব দক্ষিণ থানা ১ জন এবং মতলব উত্তর থানা ১ জনকে গ্রেপ্তার করে। এছাড়া হাজীগঞ্জ থানা পুলিশ ২ জন, শাহরাস্তি থানা ১ জন এবং কচুয়া থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।
মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন থানা পুলিশের মাধ্যমে। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩৭ জন সদস্যকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসস’কে জানান, আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।