উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি গোপন সভা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে এই সভার আয়োজন করা হয়।
পুলিশ ও রিসোর্ট কর্তৃপক্ষের তথ্যমতে, ১৭৫ জন নেতাকর্মী নিয়ে আয়োজিত এই সভায় রনজিত সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভা শেষে তিনি কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এবং বর্তমানে তিনি কলকাতার অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ঘটনার পর সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ রাতারগুলের রিসোর্টটিতে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন। এই ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসেছে এবং ভারতে পলাতক থাকা সত্ত্বেও তিনি কীভাবে দেশে ঢুকে সমাবেশ করলেন, তা নিয়ে তদন্ত চলছে।