উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির মোট ১৮৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী দিনে ইংরেজি দক্ষতা ও বিতর্কসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখে। আগামী ৭ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের জোবাইদা নাজনীন, শিফতা হামিদ এবং আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ মো. আব্দুর রশিদ। আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, এই আয়োজন কেবল পুরস্কারের জন্য নয়, বরং মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস অর্জন ও ভুল থেকে শেখার একটি সুযোগ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি সহপাঠীদের সাফল্যে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।