উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের ওয়েস্টিন হোটেলের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ওরফে রাজীব পাটোয়ারী।
আটককৃতরা হলেন মাদারীপুরের সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের সজিবুর রহমান (৩০)। ছাত্রদল নেতা রাজীবের দাবি, স্লোগান দেওয়ার সময় সেখানে সাতজন যুবক ছিলেন, যাদের মধ্যে চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। বাকি তিনজনকে আটক করে তিনি পুলিশে খবর দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা দাবি করেছেন, মদ্যপ অবস্থায় না বুঝে তারা ওই স্লোগান দিয়েছিলেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমেছিল, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে আটককৃতদের রাজনৈতিক পরিচয় বা মামলার সুনির্দিষ্ট ধারা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।