উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া সমালোচনা করেছে বিরোধী দল। মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে, যার দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। তিনি সাম্প্রতিক নাশকতার পাশাপাশি পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমনে সেনাসদস্যের প্রাণহানি, সাজেক ভ্যালির অস্থিতিশীলতা এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আক্রমণের বিষয় তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বলে দাবি করেন।
শফিকুর রহমান আরও উল্লেখ করেন, তাঁরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চান এবং সরকার ব্যর্থ হলে বিরোধী দল হিসেবে তাঁরাও বসে থাকবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, জনগণ দু-তিনজনকে ধরে বাহিনীর হাতে তুলে দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কিছু করেনি।
এর আগে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিএনপির কার্যালয় ভাঙচুর এবং মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার কথা উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা, গোয়েন্দা তৎপরতা ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের সার্বিক ব্যর্থতার জবাবদিহি দাবি করেন।