উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চার বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই দলে জায়গা পেয়েছেন এই দুই ওপেনার।
দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার বাদ পড়েছেন। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাঁচ পেসারকে দলে রেখেছে বাংলাদেশ, তাঁরা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। বাংলাদেশ দলটিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।