উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ বছরের আজিজুল ইসলাম সিয়াম নামের এক শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে দাঁড়িয়ে দোয়া করছিলেন তার মা সোনিয়া আক্তার। তিনি বলেন, আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি, তুমিই রহম করো।
সোমবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এই আগুন লাগে। মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং রাতেই আহত শিক্ষার্থীদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৭৯ জন শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছেন। ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে এবং সিয়ামকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে। কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন না থাকলেও ধোঁয়ার কারণে সবার শ্বাসনালি আক্রান্ত হয়েছে।