উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে এবং দেশের বিভিন্ন প্রান্তে গত ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছয়টি বাস পুড়ে ছাই হয়েছে। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই নাশকতার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে চিঠি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার ডিএমপি কার্যালয়ে এ বিষয়ে পুলিশ ও পরিবহন নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিএমপির উপকমিশনার আকতার হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যও রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।