উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ-এর ‘সোপান’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার অনুকূলে ২,৫০০ কোটি টাকা ঋণের অর্থ ছাড় করা হয়েছে। এর মধ্যে মাঠ পর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১,৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং তাদের মধ্যে ৮৭ শতাংশই নারী। বিগত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে পিকেএসএফ প্রথম ধাপে ১,২৫০ কোটি টাকা পায় এবং দেশের ৬৪টি জেলায় চারটি উপখাতে এই ঋণ বিতরণ করা হচ্ছে।
প্রযুক্তিনির্ভর কৃষি, ম্যানুফ্যাকচারিং, সেবা ও ভ্যালু চেইন অর্থায়ন উপখাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিদ্যমান উদ্যোগের সম্প্রসারণে অর্থায়ন করা হচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য। এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফ-এর অনুকূলে ৫,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে যার মধ্যে ইতোমধ্যে তিন ধাপে ৩,৭৫০ কোটি টাকা পাওয়া গেছে।
অবশিষ্ট অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে এবং সমুদয় অর্থ উদ্যোক্তা পর্যায়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে। ঋণ বিতরণের গুণগত মান বজায় রাখতে উন্নত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ ও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।