উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে কমবেশি এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এবার সাড়ে চার হাজার ইউপি নির্বাচন পাঁচ ধাপে করার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, আবহাওয়া ও উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে ধাপে ধাপে তালিকা চূড়ান্ত করা হবে। সাড়ে চার হাজার ইউপির বেশির ভাগ নির্বাচনই প্রথম দুই ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এছাড়া ছয় বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য নিবন্ধনের কথা ভাবছে কমিশন এবং ভোটার নিবন্ধনে পারিবারিক তথ্য যুক্ত করার কাজও চলছে।