উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমি লেখাপড়া করতে চাই, এখন বিয়ে করতে চাই না। পরিবারের কাছে যদি আমি অতিরিক্ত হয়ে থাকি, তাহলে মাদ্রাসার দায়িত্বশীলরা আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিলেও আমি বিয়ে করবোনা। এমন আকুতি জানিয়ে নিজের বাল্যবিবাহ বন্ধে পটুয়াখালীর গলাচিপার ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী সুপারের কাছে লিখিত আবেদন করেছে।
মাদ্রাসার সুপারের কাছে দেওয়া ওই ছাত্রীর আবেদনে উল্লেখ করা হয়, তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ নভেম্বর সোমবার জোহরের নামাজের পর এনগেজমেন্ট বা আংটি পরানোর আয়োজন করা হয়েছে। তবে সে এই বিয়েতে সম্মত নয় এবং তার ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাওয়া।
এদিকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জর মোহাম্মদ এজাজুল হকের নজরে আনা হলে তিনি জানান, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য।