উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি। নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং রূঢ় ও অসদাচরণের মতো দুটি সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ মিলেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান এই তথ্য জানান।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর মঞ্জুরুল আলমকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। তবে জাহানারা আলম আরও কয়েকজনের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলেন, তদন্ত কমিটি সেগুলোর কোনো প্রমাণ পায়নি।
ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং জাহানারা আলম মামলা করতে চাইলে বিসিবি লজিস্টিক সহায়তা দেবে। এদিকে মঞ্জুরুল আলমের আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা দুটি পৃথক রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।