উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলাকালে গুলিতে শহীদ হওয়া সেনাসদস্য তিতাস শেখের কবরের পাশে দাঁড়িয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম। শনিবার ৭ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে শহীদ সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি তিতাসের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিতাসকে হারিয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। দেশের জন্য তাঁর আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং আমি এই শোকাহত পরিবারের পাশে আছি। উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী সন্ত্রাসীদের কবল থেকে জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে অংশ নেন সেনাসদস্য তিতাস শেখ এবং সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন।
পরদিন ৬ নভেম্বর সেনাবাহিনীর হেলিকপ্টারে তাঁর মরদেহ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং জানাজা শেষে নানির কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। শহীদ তিতাস শেখের বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে এবং তিনি লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদারের ছোট বোনের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং দেশের জন্য এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ স্থানীয় মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।