উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ও শোভাযাত্রায় আজ মুখরিত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজকের শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান নিজেই নেতৃত্ব দিচ্ছেন যা দল ও সংগঠনগুলোকে নতুন করে শক্তি সঞ্চয় করবে।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর নির্ধারিত সড়কগুলো পেরিয়ে মানিক মিঞা অ্যাভিনিউতে গিয়ে থামে। পুরো শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের নিজস্ব স্বেচ্ছাসেবীরা সচেষ্ট ছিলেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় কড়া নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ, নাইটিংগেল মোড়, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ পর্যন্ত জনতার স্রোত এই র্যালিকে জনসমুদ্রে পরিণত করেছে।