উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তৃতীয় দফা রিমান্ড শেষে আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামini কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও এক তরুণীর সঙ্গেই দেখা গিয়েছিল বলে সিসিটিভি ফুটেজ ও কললিস্ট পর্যালোচনায় উঠে এসেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে এবং আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তাঁর সঙ্গে থাকা তরুণীকেও দুই দফায় রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।