উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা থাকলেও ফরিদপুরের সদরপুর উপজেলার ৪২ জন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাঁরা বিদ্যালয়ে উপস্থিত থেকে নির্ধারিত কর্মসূচি পালনের পরিবর্তে কক্সবাজারে আনন্দ ভ্রমণে গেছেন এবং তাঁদের সঙ্গে রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই সহকারী কর্মকর্তা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষকদের এমন ভ্রমণে যাওয়ার ঘটনায় অভিভাবকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ৫ নভেম্বর বিকেলে সদরপুর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা এবং তাঁদের এ ভ্রমণ শেষ হবে ৯ নভেম্বর সকালে। ভ্রমণে অংশ নেওয়া প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন লুৎফুন্নেছা, নওরোজ আল ফারুকী, রেজাউল করিম বাবুল, নুরুজ্জামান, কবির উদ্দিন মোল্লা, চর বলাসিয়া মোল্লা, জিন্নাত আলী ও এটিএম আইয়ুব আলী। এ ছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে আমিনুল, আজাহার, মাহবুব হাসান, সজিব, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান, সালাম, মনির হোসেন, জালাল, আব্দুল কুদ্দুস, আবু সাইদ ও মাহমুদুল হাসানসহ আরও ২০ জন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও ঝিল্লুর রহমান এই ভ্রমণে রয়েছেন।
নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও এসব কর্মসূচি বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়গুলোতে নির্ধারিত কর্মসূচি কীভাবে পালিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, শিক্ষকরা গাড়িতে শিক্ষা সফর লেখা ব্যানার লাগালেও পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভ্রমণে গেছেন যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও ঝিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, প্রজ্ঞাপনটি ৫ তারিখ বিকেল ৩টার দিকে পাওয়ার পরও তিনি বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তাঁরা তা অমান্য করে ভ্রমণে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন জানান, ভ্রমণের অনুমতি দেওয়ার এখতিয়ার তাঁর নেই, তবে নিরাপত্তার জন্য গত ৪ নভেম্বর একটি আবেদনে তিনি স্বাক্ষর করে দিয়েছিলেন।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ছুটি থাকলেও দিবসটি পালনের জন্য বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা ছিল। নির্দেশনা অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও শিক্ষকরা নিজেরাই অনুপস্থিত থাকায় তাঁদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।