উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুক্রবার বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি হাসপাতালে চিকিৎসকদের শূন্যপদ পূরণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সম্মেলনে অধ্যাপক রফিকূল ইসলাম দেশে ইন্টারভেনশনাল রেডিওলজি সেন্টার প্রতিষ্ঠা এবং উচ্চতর প্রশিক্ষণের জন্য জাতীয় পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলি-রেডিওলজির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী আধুনিক চিকিৎসায় রেডিওলজির ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, ইন্টারভেনশনাল রেডিওলজির মাধ্যমে বড় অস্ত্রোপচার ছাড়াই অনেক জটিল রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে, যা রোগীর শারীরিক কষ্ট ও হাসপাতালে অবস্থানের সময় কমিয়ে আনছে।