উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত ১৬ বছরের বেশি সময়ে সংঘটিত গুম, খুন ও সব অন্যায়-অবিচারের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যে রক্তাক্ত পথ ধরে আমরা এসেছি, সেই রক্তের পথ অনেক পিচ্ছিল ছিল। বিগত ১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাঁদের ক্রসফায়ার করা হয়েছে। আমাদের সাত শর বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাঁদের গুম করা হয়েছে।
নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যাঁরা এই পেশায় এসেছেন, আপনাদের বলব, ছোট বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন না। সব সময় বড় বারান্দার আইনজীবী হিসেবে থাকবেন। ছোট বারান্দা হলো জজ সাহেবদের বারান্দা, ওই বারান্দাতে ঢুকে জজ সাহেবের সঙ্গে লেনদেনের দিকে যাবেন না।
আইনজীবীদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি কোম্পানিতে যেন বাধ্যতামূলক একজন করে আইনজীবী রাখা হয়, সে জন্য কোম্পানি আইন সংশোধনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া সারা দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীর পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের জন্য এ বছর মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।