উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির আয়োজনে জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর)। বিকেল ৩টায় উপজেলার কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গের ফুটবলপ্রেমীদের আকাঙ্ক্ষিত এই মেগা ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি এবং কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দল দুটি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে এই জমজমাট ফাইনাল খেলা উপভোগ করার জন্য সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
এই জমজমাট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মো. হানিফ মন্ডল, যিনি আরপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির কর্ণধার। তাঁর উদ্যোগ, প্রচেষ্টা ও অর্থায়নে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দর্শকনন্দিত এই ফুটবল প্রতিযোগিতা।
খেলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। স্থানীয় দর্শকরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।