উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর সড়কে ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় এবং মোহাম্মদপুর এলাকার ছাত্রলীগ নেতা ইয়ামিনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৮০ থেকে ৯০টি মোটরসাইকেলের বহর নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই শোডাউন বের করা হয়। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণে গাড়ির চালক পুলিশ কনস্টেবল মো. এনামুলের বাম চোখে গুরুতর আঘাত লাগে এবং তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিস্ফোরণ ও শোডাউনের পরপরই মোহাম্মদপুরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইয়ামিন ঢাকা গলফ ক্লাবের সামনে থেকে উধাও হয়ে যান। ককটেল হামলা ও বাইক শোডাউনের ফলে বিমানবন্দর প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।