উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সায়েন্স লাইব্রেরিতে বই ফেরত দিতে দেরি হলে নির্ধারিত এক টাকা জরিমানা পরিশোধ করতে ব্যাংকে যেতে হয় শিক্ষার্থীদের। প্রযুক্তিনির্ভর যুগে মাত্র এক টাকার জন্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর এই পুরোনো নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিলা হক।
নাবিলা জানান, পূজার ছুটির কারণে সায়েন্স লাইব্রেরিতে বই জমা দিতে দেরি হওয়ায় তাঁকে এক টাকা জরিমানা করা হয়, যা জমা দিতে হবে টিএসসি এলাকার জনতা ব্যাংকে। একই ভোগান্তির কথা জানান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাকিম। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক সেবা অনলাইন হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের ব্যবস্থা এখনো আধুনিক করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জরিমানা আদায়ের নিয়মেও অসঙ্গতি রয়েছে। ওয়েবসাইটের ‘ফাইন ডিটেইলস’ ও অধ্যাদেশভিত্তিক নীতিমালায় জরিমানার ভিন্ন হার ও নিয়ম উল্লেখ রয়েছে। পূর্বে নগদে হিসাব দপ্তরে টাকা আদায়ের নিয়ম থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের ব্যাংকেই যেতে হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ফি ইতিমধ্যেই অনলাইনে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাটিকে অযৌক্তিক উল্লেখ করে ঢাবির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক জানান, ৪০-৫০ বছর বা তার আগের এই নিয়ম পরিবর্তনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, প্রক্রিয়াটি এতদিন শিক্ষার্থীদের সতর্ক করার শাস্তি হিসেবে থাকলেও দ্রুতই এটি অনলাইন ও কিউআর কোডভিত্তিক করার উদ্যোগ নেওয়া হবে।