উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো এবং মাঠের আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, স্টেডিয়ামের গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট ও ড্রেসিংরুম সংস্কারের কাজ করা হবে।
স্টেডিয়ামে হসপিটালিটি বক্স নির্মাণ, মাঠের উন্নয়ন এবং যাতায়াতের সড়ক সংস্কার ও আলোকায়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এ সময় বিসিবির সিলেটের কাউন্সিলর আশরাফ আরমান ও মৌলভীবাজারের কাউন্সিলর মনোয়ার এম আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিবি পরিচালক প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এবং সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের উদ্যোগেই সিলেটে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ে উঠেছিল, যা আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনায় পরিণত হয়েছে।
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে 'নতুনকুঁড়ি স্পোর্টস' আয়োজনের কথাও জানান আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি স্টেডিয়ামের মর্যাদা ও সিলেটের সুনাম রক্ষায় সব আন্তর্জাতিক ম্যাচে নগরবাসীকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান।