উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২৭ অক্টোবরের নির্বাচনের পর ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় প্রেসিডেন্ট আইজাক হারজগ রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়ে নতুন নির্বাচন এড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নির্বাচনের পর যখন কোনো স্পষ্ট বিজয়ী নেই, তখন সৃজনশীল ও ব্যতিক্রমী চিন্তা এবং সদিচ্ছার প্রয়োজন রয়েছে।
নির্বাচনে আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রধান আরব-ইসরাইলি দল রা’আম আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সমর্থন দিয়েছে। প্রেসিডেন্ট হারজগ আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাম্প্রতিক কিছু অশালীন ও বর্ণবাদী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে সাবেক সেনাপ্রধান আইজেনকোট যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের অংশীদারিত্ব নতুন করে গড়ে তোলা ও আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের জোরালো অভিযোগ তুললেও, কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে যে নিরীক্ষায় ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো প্রমাণ মেলেনি।
প্রেসিডেন্ট হারজগ দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং গভীরভাবে বিভক্ত দেশটিতে সরকার গঠনের জন্য নেতানিয়াহু নাকি আইজেনকটকে সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রাথমিক আলোচনার পর একজন প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে।