উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাংক ব্যবহার করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তবে কম দামি বা নিম্নমানের পাওয়ার ব্যাংক ব্যবহারে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের মতে, সস্তা পাওয়ার ব্যাংকে ভোল্টেজ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জ প্রতিরোধ এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষার মতো প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকে না। এর ফলে ভোল্টেজের ওঠানামায় ফোনের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।
চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাংক অস্বাভাবিক গরম হওয়া বড় ধরনের সতর্ক সংকেত। নিম্নমানের সার্কিট বা অপর্যাপ্ত নিরোধকের কারণে এমনটি ঘটে, যা থেকে শেষ পর্যন্ত আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে।
পাওয়ার ব্যাংক কেনার সময় তাই কেবল এমএএইচ বা দাম দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নির্ভরযোগ্য ব্র্যান্ডের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি চার্জিং প্রযুক্তি, ওয়াট এবং ইউএসবি-সি পোর্টের মতো বিষয়গুলো যাচাই করে কেনাই বুদ্ধিমানের কাজ।