উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন মোটরসাইকেলের চালক ফালু মিয়া (৫০) এবং আরোহী আরিফুর রহমান (৪৫)। বিমানবন্দর থানার এসআই মো. মানিক মাহমুদ জানান, ফালু মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুর রহমান পোস্তগোলায় একটি লোহা কেনাবেচার দোকানের ম্যানেজার ছিলেন। মালামাল দেখার উদ্দেশ্যে উত্তরায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। পাবনার বেড়ার বাসিন্দা আরিফুর রহমান ডেমরার কোনাপাড়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।
এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পিকআপের চালক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগের রাতে পোস্তগোলায় ট্রাকচাপায় আরও দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।